বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের জারি করা নির্দেশনা বাস্তবায়নে চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করার পাশাপাশি সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।
১৮ আগস্ট (মঙ্গলবার) রাত ৯টায় ফরিদগঞ্জ বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী, গত ১২ আগস্ট থেকে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট প্রতিদিন রাত ৮টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ নির্দেশনা বাস্তবায়নে গতকাল ফরিদগঞ্জ বাজারজুড়ে মাইকিং করে ব্যবসায়ীদের সরকারি সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে দেয় উপজেলা প্রশাসন। এরপর নির্দেশনা বাস্তবায়নের প্রথম দিনেই বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান। এ সময় নির্ধারিত সময়ের পর কয়েকটি দোকান খোলা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সতর্কতামূলকভাবে জরিমানা করা হয়।
প্রথম দিনের অভিযানে ব্যবসায়ীদের সচেতন করার ওপরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে সরকারি নির্দেশনা মেনে দোকানপাট পরিচালনা করার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় ফরিদগঞ্জ থানা পুলিশ সহ বাজার ব্যবসায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
শিরোনাম:
ফরিদগঞ্জে রাত ৮টার পর দোকান খোলা, মোবাইল কোর্টে সতর্কতামূলক জরিমানা
-
ইয়াছিন পালোয়ান - আপডেট : ০৯:৪২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- 106
ট্যাগস :
জনপ্রিয়



























