চাঁদপুর জেলায় আর্সেনিক সমস্যার ভয়াবহ চিত্র তুলে ধরেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম. এ. লতিফ মিলনায়তনে ‘বাংলাদেশে জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুরে আর্সেনিকের ভয়াবহতা তুলে ধরেন।

কর্মশালায় তিনি জানিয়েছেন, ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে মাত্র ছয় বছরের ব্যবধানে জেলায় আর্সেনিক-আক্রান্ত জনগোষ্ঠীর সংখ্যা ৫২ হাজার থেকে বেড়ে প্রায় ১১ লাখে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় পানি ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর প্রয়োগ এবং এ বিষয়ে অধিকতর গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব টরন্টো, ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।
কর্মশালায় চাঁদপুরের আর্সেনিক সমস্যার ভয়াবহতা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, স্বল্প সময়ের ব্যবধানে আর্সেনিক-আক্রান্ত মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ সমস্যা জনস্বাস্থ্য ও নিরাপদ পানির জন্য বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এ বিষয়ে আরও গবেষণা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।

তিনি আশা প্রকাশ করেন, প্রযুক্তিনির্ভর গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং নিরাপদ পানি ব্যবস্থাপনায় কার্যকর সমাধান বের করা সম্ভব হবে।
কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। এছাড়া ইউনিভার্সিটি অব টরন্টো ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা রিসোর্স পার্সন হিসেবে কর্মশালায় অংশগ্রহণ করছেন।
কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নিরাপদ পানি নিশ্চিতকরণ এবং পানি ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য ব্যবহার নিয়ে আলোচনা হচ্ছে।






















