চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে অবস্থিত চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড অল্প সময়ের মধ্যে সমবায় অঙ্গনে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। সংগঠনের সভাপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ প্রতিষ্ঠানটি সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা, সাংগঠনিক কার্যক্রম ও সামাজিক উদ্যোগের মাধ্যমে এগিয়ে যাচ্ছে।
২০২৩ সালের ৯ অক্টোবর সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন লাভের পর প্রতিষ্ঠানটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সমবায় বর্ষে অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে স্বীকৃতি অর্জন করে। গত ৮ নভেম্বর ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটিকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
সমিতির উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে সদস্যদের সঞ্চয়ে উৎসাহিত করা, আর্থিক কার্যক্রম পরিচালনা, সাংগঠনিক উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ। নিজস্ব ভবন ‘বন্ধন টাওয়ার’ থেকে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম।
সমিতির সম্পাদক নাছির উদ্দিন ও অর্থ সম্পাদক খালেদ হোসেন খানসহ সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সদস্যদের আস্থা, ঐক্য ও সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে এ সমিতি এলাকার আর্থসামাজিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।























