চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাদিপুরা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ এবং এলাকার গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সাদিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাদিপুরা সমাজ কল্যাণ সমিতির এমন উদ্যোগ প্রশংসনীয়। এলাকার অসহায় ও দরিদ্র মানুষ অর্থের অভাবে যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে এখানে একটি বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। সেখানে অসহায় মানুষকে বিনামূল্যে ও সর্বোচ্চ ছাড়ে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান তিনি।
সংগঠনের সহসভাপতি মো. সাইফুল ইসলাম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সবুজ চন্দ্র সরকার ও রফিকুল ইসলাম। টেলিকনফারেন্সে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী সোহেল আহমেদ।
তিনি বলেন, সাদিপুরা সমাজ কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে। বিশেষ করে শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনটির অবদান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, বিশিষ্ট সমাজসেবক মাওলানা আলী আজম, ইয়াছিন খন্দকার, শিক্ষানুরাগী হেলাল মিঞা, সমাজসেবক বাক্যলাল সরকার, হাজী মাওলানা আব্দুল বারী, শিপন পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন পাটোয়ারী, সাদিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন মানিক এবং শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাদিপুরা গ্রামের গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও পুরস্কার তুলে দেওয়া হয় এবং এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।
সাদিপুরা সমাজ কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

























