চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) শাহরাস্তি পৌরসভার শ্রীপুর এলাকার ঠাকুর বাজার থেকে মাজার সড়কের বালুর মাঠসংলগ্ন পাকা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ নাথসহ পুলিশের অন্য সদস্যরা।
পুলিশ জানায়, অভিযানের সময় জাহাঙ্গীর আলমের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম শাহরাস্তি উপজেলার টামটা এলাকার শিংয়ের বাড়ির আব্দুল বাছেত ও ফিরোজা বেগমের ছেলে।
এ ঘটনায় ১৪ অক্টোবর শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ১৫ এবং জিআর নম্বর ৩৩১।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
























