চাঁদপুরের শাহরাস্তিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।

সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কন্যাশিশুর জন্য নিরাপদ পরিবেশ, শিক্ষার সমান সুযোগ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা, সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আকন্দ এবং শিক্ষক লিয়াকত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করা, বাল্যবিবাহ বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।
























