চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তিন যুবককে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনরত অবস্থায় মোঃ আবুল বাশার (২৭), পিতা—মৃত আবুল কাশেম, সাং—দেহেলা; দিদার হোসেন (২৫), পিতা—জয়নাল আবেদীন, সাং—নাহরা এবং রিয়াদ (১৮), পিতা—বাবুল, সাং—দেহেলা, সর্বসাং—শাহরাস্তি, জেলা—চাঁদপুরকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত গ্রেপ্তার তিনজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



























