চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার কালিবাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি মিষ্টির দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইউএনও মনিরা খাতুনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

অভিযানে ফিউচার সুইটস ও গ্রীন ফুডস বেকারিতে অপরিচ্ছন্ন পরিবেশ, লাইসেন্স প্রদর্শন না করা এবং খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।
এ সময় আগামী তিন দিনের মধ্যে অনিয়মগুলো সংশোধনের নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


























