চাঁদপুরের শাহরাস্তিতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে শাহরাস্তি মডেল থানায় মামলাটি করা হয়। মামলায় ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনকে প্রধান আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে উপজেলার চিতোষী-মুদাফ্ফরগঞ্জ সড়কে সাজ্জাদ হোসেন সুজনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিল থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানানো হয়।
পরে দুপুরে সাজ্জাদ হোসেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ মিছিলের বিষয়ে নিশ্চিত হয়ে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।
সন্ধ্যায় উপজেলার যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে রায়শ্রী উত্তর ইউনিয়ন ছাত্রলীগের নেতা সোহেল রানা ও সাকিলকে আটক করে পুলিশ।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ ব্যস্ত থাকার সুযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল বের করে। বিষয়টি জানার পরপরই পুলিশ ব্যবস্থা নেয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।


























