মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভূঁইয়া। তিনি বলেছেন, হাজীগঞ্জে মাদক ও কিশোর গ্যাংয়ের কোনো স্থান হবে না। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় হাজীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ওসি কাওসার আলম ভূঁইয়া বলেন, “মাদক ও কিশোর গ্যাং সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। এসব অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাজীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে।”
তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাংবাদিক ও সচেতন নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। কোথাও মাদক, কিশোর গ্যাং কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা পুলিশকে জানাতে হবে। এসব তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদের সঞ্চালনায় সভায় হাজীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সংবাদকর্মীরা তাঁদের পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন বিষয়ে পুলিশের সহযোগিতা কামনা করেন। জবাবে নবাগত ওসি সংবাদ সংগ্রহসহ পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় হাজীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ এবং পুলিশ-সাংবাদিকের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

























