চাঁদপুরের হাজীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কৃষক গ্রুপের মধ্যে ৮১টি বিভিন্ন ভারী কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
২০২৫-২৬ অর্থ বছরে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এদিন দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

এসময় তিনি বলেন, সরকার কৃষি উৎপাদন বাড়াতে ও কৃষকদের শ্রম কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি বিতরণ করছে। আপনারা যারা কৃষক গ্রুপের মাধ্যমে এসব যন্ত্রপাতি পাচ্ছেন, তারা এর সর্বোচ্চ সদ্ব্যবহার করবেন। এসব যন্ত্রপাতি কারো কাছে বিক্রয় কিংবা হস্তান্তরযোগ্য নয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আব্দুল্লাহ্’র সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারীসহ উপকারভোগী একাধিক কৃষক।
কৃষি কর্মকর্তা জানান, বিতরণকৃত কৃষি যন্ত্রপাতির মধ্যে রয়েছে, ৯টি ধান কর্তন যন্ত্র (সাপ্লাই অফ রিপার), ১১টি ধান মাড়াই যন্ত্র, ১১টি ফুট পাম্প, ৫টি বেড প্ল্যান্টার (সাপ্লাই অফ বেড মেকার কাম প্ল্যান্টার), ৬টি ভুট্টা মাড়াই যন্ত্র, ২৮টি হ্যান্ড স্প্রেয়ার, ১১টি এলএলপি।
এসময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পু, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, উপজেলা কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. কামাল হোসাইন, মো. আহসানুজ্জামান, মো. শাহাদাত হোসেন ও শাহপরানসহ অন্যান্য কৃষি কর্মকর্তা, কৃষকরা উপস্থিত ছিলেন।
























