চাঁদপুরের শাহরাস্তিতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও মাদক নির্মূলে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে পৌরসভার বাদিয়া এলাকার মাহবুবুল হক উচ্চ বিদ্যালয় ও এর আশপাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।

র্যালিতে শাহরাস্তি থানার পুলিশ সদস্য ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। আয়োজকদের হিসাবে, কর্মসূচিতে প্রায় ৩০০ থেকে ৪০০ জন অংশগ্রহণ করেন।
র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ভয়াবহতা, মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।



























