আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জের ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী মাঠ। সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন ও দোয়া চাচ্ছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে রাজারগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বর্তমান সময়ের অন্যতম হেভিওয়েট চেয়ারম্যান পদপ্রার্থী সিদ্দিকুর রহমান।
গণসংযোগকালে ইউনিয়নের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ, বাজারের ব্যবসায়ী ও তরুণ সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। প্রার্থীর সাথে এলাকার সাধারণ মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রার্থীর পক্ষে স্লোগান দেন এবং হাত মিলিয়ে সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।
এলাকাবাসী জানান, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিতে তারা বদ্ধপরিকর।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে পদপ্রার্থী সিদ্দিকুর রহমান বলেন, “রাজারগাঁও ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচিত হলে এলাকার অবহেলিত রাস্তাঘাট উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণে সর্বাত্মক কাজ করব। আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।”
তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
























