চাঁদপুরের শাহরাস্তিতে রাতে অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার অভিযোগে পাঁচ কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শাহরাস্তি থানার মেহের স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, এসআই মোহাম্মদ আল আমিন ভূঁইয়া, এসআই মো. জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন—মো. হোসাইন রুপক (২২), আজমীর হোসাইন (২১), মো. ফরহাদ হোসেন (২১), আবু বক্কর সিদ্দিক ফাহিম (১৯) ও মিরাজ হোসেন (২১)। তারা সবাই শাহরাস্তি উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, মেহের স্টেশন এলাকায় তাদের অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সেখানে ঘোরাফেরার বিষয়ে তারা সন্তোষজনক কোনো কারণ জানাতে পারেনি।
পরবর্তীতে আটক শিক্ষার্থীদের অভিভাবকরা থানায় এসে ভবিষ্যতে রাতের বেলায় এভাবে অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা না করার বিষয়ে পুলিশকে আশ্বস্ত করেন। একই সঙ্গে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রথমবারের মতো সংশোধনের সুযোগ হিসেবে পাঁচ কলেজছাত্রকে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।



























