চাঁদপুরের হাজীগঞ্জের দুই কৃতি সন্তান চিকিৎসক ডা. উৎফল সাহা ও ডা. মো. মহিবুল আলম রুবেল সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে চাঁদপুর মেডিকেল কলেজে নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
পদোন্নতি পেয়ে ডা. উৎফল সাহা চাঁদপুর মেডিকেল কলেজের ডেন্টিস্ট্রি বিভাগে এবং ডা. মো. মহিবুল আলম রুবেল মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

চিকিৎসাসেবায় দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতার পাশাপাশি নিজ এলাকার মানুষের সেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন এই দুই চিকিৎসক। হাজীগঞ্জের মানুষের চিকিৎসাসেবায় তাদের আন্তরিকতা, পেশাগত দক্ষতা ও মানবিক আচরণ স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে।
নতুন পদে যোগদানের মধ্য দিয়ে তাদের পেশাগত জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হলো। তাদের এই পদোন্নতিতে আনন্দ প্রকাশ করেছেন হাজীগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়রা বলেন, নিজ এলাকার দুই কৃতি চিকিৎসকের এই অর্জন হাজীগঞ্জবাসীর জন্য গর্বের বিষয়। তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের পাশাপাশি চিকিৎসা শিক্ষা ও সেবাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমন প্রত্যাশা সবার।
কৃতি দুই চিকিৎসকের পদোন্নতি ও নতুন কর্মস্থলে যোগদানে হাজীগঞ্জবাসী তাদের অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যৎ কর্মজীবনে আরও সাফল্য, সম্মান ও সমৃদ্ধি কামনা করেছেন।






















