মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে বুধবার (১৯ আগস্ট) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত র্যালিটি অনুষ্ঠিত হয়। নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে র্যালিটি কালীবাড়ী মন্দির পর্যন্ত গিয়ে শেষ হয়।

র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল হাই চৌধুরী। এ সময় শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ৪০০ থেকে ৪৫০ জন র্যালিতে অংশ নেন।
র্যালি শেষে নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরির পাশাপাশি মাদকাসক্তি প্রতিরোধ, মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল হাই চৌধুরী মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে। তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসন ও সামাজিকভাবে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তারা বলেন, মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ করলেই হবে না; এর পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তারা।
বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। মাদক ব্যবসা, পাচার ও সেবনের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
শাহরাস্তি মডেল থানা পুলিশের এ ধরনের মাদকবিরোধী কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।



























