চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের ২ নং ওয়ার্ড এন্নাতলী গ্রামে দীর্ঘ প্রায় এক শতাব্দীর দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে। বহু প্রতীক্ষার পর অবশেষে গ্রামটির প্রধান চলাচলের রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে।
গত ৪ মার্চ বুধবার দুপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান।


এই রাস্তা বাস্তবায়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার খাজুরিয়া লক্ষ্মীপুর গ্রামের কৃতি সন্তান এবং বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদপ্তরের উপসচিব মো. মাহবুব আলম।
পাশাপাশি এন্নাতলী গ্রামের কৃতি সন্তান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হাসান মিয়াজীর উদ্যোগ ও প্রচেষ্টায় দীর্ঘদিনের এই সমস্যার সমাধানের পথ তৈরি হয়।

এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, দলিল লিখক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মারুফ খানসহ স্থানীয় অনেক সচেতন ব্যক্তির সহযোগিতায় রাস্তা নির্মাণ কাজটি বাস্তবায়নের উদ্যোগ নেয়া সম্ভব হয়েছে।
এন্নাতলী গ্রামটি ২ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে প্রায় ৭০০ পরিবারের প্রায় তিন হাজার মানুষ বসবাস করেন। কিন্তু এতদিন ধরে গ্রামবাসীর চলাচলের জন্য কোনো উন্নত রাস্তা ছিল না। এন্নাতলী দক্ষিণ ঈদগাঁ থেকে খোরশেদ আলম (মোল্লাডহর) দোকান পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ ভাঙাচোরা পথই ছিল তাদের একমাত্র যাতায়াতের মাধ্যম।
দীর্ঘদিন ধরে রাস্তাটি অবহেলিত অবস্থায় পড়ে ছিল। একাধিক জনপ্রতিনিধি পরিবর্তিত হলেও এর কোনো উন্নয়ন হয়নি। অবশেষে এন্নাতলী গ্রামের সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হাসান মিয়াজীর উদ্যোগে রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়। তার উদ্যোগে প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই রাস্তার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পথ তৈরি হয়।

বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল প্রায় অচল হয়ে পড়ত। কোনো ব্যক্তি অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া সম্ভব হতো না এবং শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হতো।
স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, “আগে আমরা অনেক কষ্ট করে স্কুলে যেতাম। একটু বৃষ্টি হলেই রাস্তা দিয়ে হাঁটা যেত না। এখন রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে আমরা সহজেই স্কুলে যেতে পারবো।”
গ্রামের শতাধিক বয়স্ক নাগরিক ও বিভিন্ন পেশার মানুষ রাস্তা নির্মাণ কাজ শুরু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলেন, “আমরা এতদিন পাকা রাস্তা দেখিনি। এখন রাস্তার কাজ শুরু হওয়ায় আমরা খুব খুশি।”

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, “বিগত সময়ে কোনো জনপ্রতিনিধি রাস্তাটি নির্মাণের ব্যাপারে উদ্যোগ নেননি। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নে ছয়টি রাস্তার কাজ হয়েছে। তার মধ্যে এন্নাতলী রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ কাজ শুরু হয়েছে। সকলের দোয়া চাই। ইউনিয়নের অন্যান্য রাস্তাগুলোও পর্যায়ক্রমে নির্মাণের চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সন্মানিত সদস্য গফুর পাটোয়ারী বকুল, ৬ নং বড়কুল ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক মিয়াজী, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল বেপারী, ইউনিয়ন যুবদল নেতা ওয়াসিম এবং ২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গ্রামবাসীর মতে, এন্নাতলী গ্রামে রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হলে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা অনেক সহজ হবে। এর ফলে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি গ্রামটির সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
























