জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে আসা ইরানের প্রতিনিধি দলের দুই কূটনীতিককে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া হয়েছে। দেশত্যাগের সরকারি নির্দেশ অমান্য করে অবস্থান করায় তাদের বহিষ্কার করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কড়া নির্দেশ সত্ত্বেও নিউইয়র্কে অবস্থান করায় শনিবার তাদের আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা হয় বলে এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক অচলাবস্থা এবং যুদ্ধ পরিস্থিতি পুনরায় অবনতির আশঙ্কায় রয়েছে। এ খবর প্রকাশ করেছে অ্যাক্সিওস।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা জানান, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষ হওয়ার বেশ কয়েক দিন পার হয়ে গেলেও ইরানি প্রতিনিধি দলের ওই দুই সদস্য নিউইয়র্কে অবস্থান করছিলেন। এর আগে গত সোমবারই মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জাতিসংঘে ইরানের মিশনকে তাদের পুরো প্রতিনিধি দল নিয়ে অবিলম্বে যুক্তরাষ্ট্র ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছিল।

পরবর্তীতে শুক্রবারও ইরানের মিশনকে সতর্ক করে ওয়াশিংটন জানায়, নির্দেশ অমান্য করে ওই দুই কূটনীতিক এখনো নিউইয়র্কে অবস্থান করছেন যা যুক্তরাষ্ট্রের নজরে এসেছে। এরপর তাদের অবিলম্বে দেশ ছাড়ার জন্য পুনরায় নির্দেশ দেয়া হয়। মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, চাপের মুখে এক কূটনীতিক শুক্রবার রাতে এবং অপরজন শনিবার সকালে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।




















