মতলব পৌরসভার সদর ৩ নং ওয়ার্ডের মধ্য কলাদী এলাকায় ছাদ থেকে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেলেনা বেগম নামে চার সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, ১০ নভেম্বর সকাল সাড়ে ৯ টার দিকে মধ্য কলাদী এলাকার একটি ভবনের ছাঁদে কাপড় আনতে যান মো. শাহজাহান খাঁনের স্ত্রী হেলেনা বেগম। ওই সময় তারে আটকে থাকা কাপড় একটি লোহার বস্তু দিয়ে ছাড়াতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে ভবনের লোকজন তাঁকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ড. মেহেদী হাসান তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার গ্রামের বাড়ি উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙা গ্রামের খাঁন বাড়ি। তাঁর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


























