একদিকে ১৬টি পরিবারে বায়োগ্যাস সরবরাহ, অন্যদিকে জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ যুক্ত করে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে অবদান রাখছেন উদ্যোক্তা গিয়াস উদ্দিন। গরু, মুরগি, মাছ চাষ, বায়োগ্যাস ও সৌরবিদ্যুৎ—সব মিলিয়ে প্রায় এক কোটি টাকা বিনিয়োগে গড়ে তুলেছেন সমন্বিত খামার। তবে সম্ভাবনাময় এই উদ্যোগে সাফল্যের পাশাপাশি রয়েছে নানা সংকট। জাতীয় গ্রিডে প্রায় সাত মাস ধরে বিদ্যুৎ সরবরাহ করেও এখনো বিল পাননি তিনি। সেই সঙ্গে বেড়েছে খামারের উৎপাদন ব্যয়। সরকারি সহযোগিতা না পাওয়ায় নতুন পরিকল্পনাও বাস্তবায়ন করতে পারছেন না।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের মালরা গ্রামে গড়ে উঠেছে এই সমন্বিত খামার। ২০১৯ সালে যাত্রা শুরু করা খামারটিতে বর্তমানে রয়েছে ৩১টি গরু ও প্রায় ২ হাজার ৭০০ মুরগি। ১৩টি গাভি থেকে প্রতিদিন প্রায় ১৩০ লিটার দুধ এবং মুরগি থেকে প্রায় ১ হাজার ৮০০টি ডিম উৎপাদিত হচ্ছে। খামারটির বিভিন্ন কার্যক্রমে কর্মসংস্থান হয়েছে সাতজন শ্রমিকের।

খামারের অন্যতম উল্লেখযোগ্য উদ্যোগ বায়োগ্যাস উৎপাদন। গরুর গোবর ব্যবহার করে উৎপাদিত এই গ্যাস গত তিন বছর ধরে আশপাশের ১৬টি পরিবারে সরবরাহ করছেন গিয়াস উদ্দিন। এতে ওই পরিবারগুলো বিকল্প জ্বালানির সুবিধা পাচ্ছে। পাশাপাশি খামারের বর্জ্যকে সম্পদে রূপান্তরের সুযোগও তৈরি হয়েছে।
এ ছাড়া খামারে স্থাপন করা হয়েছে ৯ হাজার ৬০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থা। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছেন তিনি। কিন্তু উদ্যোক্তার অভিযোগ, প্রায় সাত মাস ধরে বিদ্যুৎ সরবরাহ করলেও পল্লী বিদ্যুৎ সমিতি থেকে এখন পর্যন্ত কোনো বিল বা অর্থ পাননি। ফলে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত আর্থিক সুবিধা পাচ্ছেন না তিনি।
শুধু বিদ্যুৎ বিল নয়, খামারের সার্বিক পরিচালন ব্যয় নিয়েও চাপে রয়েছেন এই উদ্যোক্তা। গরু, মুরগি ও মাছের খাদ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাঁকে। পরিকল্পনা ছিল খামারের বর্জ্য ব্যবহার করে জৈব সার উৎপাদন ও বাজারজাত করার। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে এখনো সেই কার্যক্রম শুরু করতে পারেননি।

গিয়াস উদ্দিনের অভিযোগ, প্রায় এক কোটি টাকা বিনিয়োগ করে খামারটি গড়ে তুললেও শুরু থেকে এখন পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পাননি তিনি। অথচ পরিকল্পিত সহায়তা ও প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা পেলে খামারটির উৎপাদন বাড়ানোর পাশাপাশি আরও কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।

জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের বিল না পাওয়ার বিষয়ে জানতে চাইলে শাহরাস্তি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. নিজাম উদ্দিন সামস্ বলেন, ‘বিষয়টি আমার মনে নেই। তবে আপনাদের মাধ্যমে অবগত হলাম। এ বিষয়টি সহকারী প্রকৌশলী দেখাশোনা করছেন।’ সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলী মেহেদি হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব উল আলম বলেন, গিয়াস উদ্দিন একজন সফল উদ্যোক্তা। তাঁর বিষয়ে মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে। খামারটি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শনের কথা রয়েছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেও অর্থ না পাওয়ার বিষয়টি তিনি জেনেছেন বলেও জানান।

ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা এই সমন্বিত খামার শুধু একজন উদ্যোক্তার স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা নয়; এটি স্থানীয় পর্যায়ে বিকল্প জ্বালানি উৎপাদন, কৃষি ও প্রাণিসম্পদের সমন্বিত ব্যবহার এবং কর্মসংস্থান সৃষ্টিরও একটি সম্ভাবনাময় দৃষ্টান্ত। তবে এ ধরনের উদ্যোগ টেকসই করতে উৎপাদিত বিদ্যুতের যথাসময়ে মূল্য পরিশোধ, প্রয়োজনীয় সরকারি সহায়তা এবং উদ্যোক্তাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। গিয়াস উদ্দিনের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর পাওনা পরিশোধসহ খামারটির উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতায় এগিয়ে আসবে।
























