হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সমিতির সভাপতি ও হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমের পরিচালনায় সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত সাধারণ সভায় বর্তমান কার্যকরি কমিটি বিলুপ্ত ঘোষণা করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
একই সময়ে নির্বাচন পরিচালনা কমিটিকে সহযোগিতা করার লক্ষ্যে সমন্বয়ক হিসেবে সমিতির উপদেষ্টা সদস্য মো. আব্দুল কাদের কেবিএফ’র নাম ঘোষণা করা হয়। নবগঠিত নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক (প্রধান নির্বাচন কমিশনার) হলেন, সাংবাদিক মনিরুজ্জামান বাবলু, সদস্য সচিব ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, সদস্য ও মা এন্টার প্রাইজের সত্ত্বাধীকারী মো. বিল্লাল হোসাইন পাটওয়ারী।

সভায় ভোটার তালিকা হালানাগাদ পূর্বক আগামি ১২ ডিসেম্বর, শনিবার ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। সভায় বক্তব্য রাখেন, মো. কাউছার আলম, সিরাজ, মো. আব্দুল আউয়াল, মো. আতিকুর রহমান, মো. আসাদুজ্জামান রিয়াদ, মো. আবুল বাসার, সজল দেবনাথ, মো. শরিফ হোসাইন, মো. গোলাম কিবরীয়া, মো. সরওয়ার আরিফ, মো. আব্দুল মজিদ, মো. মাসুদ আলম, মো. আজাদ হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. আব্দুল কাদের প্রমুখ।
প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো প্রত্যক্ষ ভোটের মাধ্যমে হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক’সহ মোট ৭টি পদে প্রত্যক্ষ ভোটগ্রহণ করা হলেও এবারের নির্বাচনে ৯টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে।
নতুন দুইটি পদের মধ্যে রয়েছে, সহ-সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান বাবলু বলেন, আশাকরি সকলের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় একটি স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটগ্রহণের মাধ্যমে টাইল্স ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।


























