চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম পায়ে আঘাত পাওয়ায় নিজ কার্যালয়ে যেতে পারছেন না। এ জন্য তিনি সেবাগ্রহণকারীদের তাঁর বাংলোর কার্যালয়ে আসার অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে ইউএনও তাঁর দাপ্তরিক ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছেন।
আজ সোমবার সকালে ইউএনও তাঁর ফেসবুক আইডি (ইউএনও, মতলব দক্ষিণ, চাঁদপুর) থেকে এলাকাবাসীর উদ্দেশে এই পোস্ট দেন। এতে তিনি লেখেন, ‘পায়ের গোড়ালির লিগামেন্টে আঘাতের কারণে গত দুই সপ্তাহ ধরে আমি উপজেলা কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারছি না। তবে আমার বাংলো কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলমান রয়েছে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবাগ্রহীতারা নানা বিষয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। কোনো সেবা গ্রহণ বা অন্য প্রয়োজনে আমার সঙ্গে সাক্ষাৎ করার দরকার হলে, অনুগ্রহ করে আমার বাংলোর কার্যালয়ে আসবেন। উপজেলা প্রশাসন সব সময় আপনাদের সেবায় নিয়োজিত।’

ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর ব্যাডমিন্টন খেলতে গিয়ে ইউএনও কে এম ইশমামের ডান গোড়ালির লিগামেন্ট আংশিক ছিঁড়ে যায়। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি বাসায় আছেন। তাঁর ডান পায়ে ব্যান্ডেজ করা। চিকিৎসক তাঁকে ২৮ দিনের বিশ্রামে থাকার পরামর্শ দেন। তবে ১৯ অক্টোবর থেকে ইউএনও বাংলোয় থেকে দাপ্তরিক কাজ করছেন। তিনি ফাইলপত্রে সই করা ছাড়াও এলাকার লোকজনের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে ফোন করছেন, দিকনির্দেশনা দিচ্ছেন। এ ছাড়া পায়ে ব্যান্ডেজ নিয়েও মাঝেমধ্যে উপজেলা পরিষদের কাছাকাছি এলাকায় উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন ও তদারক করছেন।
ইউএনওর কার্যালয় সূত্র আরও জানায়, ইউএনও বাড়তি দায়িত্ব হিসেবে মতলব পৌরসভার প্রশাসক হিসেবে কাজ করছেন। এ ছাড়া তিনি বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতিও।
উপজেলা পরিষদ ভবনের পেছনে ইউএনওর বাংলো। রোববার ও আজ সোমবার বেলা ১১টায় সেখানে দেখা যায়, অনেক সেবাপ্রত্যাশীর ভিড়। ইউএনও তাঁদের কথা মনোযোগ সহকারে শুনছেন এবং সমস্যার সমাধান দিচ্ছেন। ফাঁকে ফাঁকে দাপ্তরিক কাগজপত্রে সই করছেন, বিভিন্ন দপ্তরে ফোন করছেন।

সেবাপ্রত্যাশীদের একজন উপজেলার কলাদী এলাকার এক গৃহবধূ। নাম-পরিচয় না দিয়ে তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। জটিল রোগে আক্রান্ত। আর্থিক সহযোগিতার জন্য ইউএনওর কাছে এসেছেন। ইউএনও তাঁকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। দরখাস্ত জমা দিতে বলেছেন।
কথা হয় উপজেলার মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ চন্দ্র সরকারের সঙ্গে। তিনি বলেন, কলেজের কিছু ফাইল ও ভাউচারে সইয়ের জন্য ইউএনওর কাছে এসেছেন। অসুস্থ শরীর নিয়েও তিনি তৎক্ষণাৎ সব কাগজে সই করে দেন।

আলাপ হয় মতলব পৌরসভার নির্বাহী কর্মকর্তা ছাইফুর রহমানের সঙ্গেও। তিনি বলেন, ‘প্রায় প্রতিদিন পৌরসভার নানা কাজে ইউএনওর কাছে যাই। পায়ে ব্যান্ডেজ নিয়ে, হুইলচেয়ারে বসেও তিনি ধৈর্য নিয়ে পৌরসভার দাপ্তরিক কাজগুলো করে দেন। এটি তাঁর অদম্য মানসিকতার পরিচয়।’
ইউএনও কে এম ইশমাম প্রথম আলোকে বলেন, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবাপ্রত্যাশীরা তাঁর কাছে আসেন। যাতে কেউ সেবা থেকে বঞ্চিত না হন এবং হয়রানির শিকার না হন, সে জন্য বাংলোয় বসেই দিন–রাত কাজ করছেন। নৈতিক ও দাপ্তরিক দায়িত্ববোধ থেকে এটি করছেন। বিষয়টি সবার নজরে আনার জন্য ফেসবুকেও আজ এলাকাবাসীর উদ্দেশে পোস্ট দিয়েছেন।


























