চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক হাবিব উল্লাহ মজুমদার।
গত ১৮ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,কুমিল্লার বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক পত্রে বিদ্যালয়টির জন্য চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন প্রদান করা হয়। এতে সভাপতি হিসেবে হাবিব উল্লাহ মজুমদারকে মনোনয়ন দেওয়া হয়।

নবগঠিত এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— পদাধিকারবলে সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল,জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত শিক্ষক প্রতিনিধি আবু তৈয়ুব হোসাইন আহমেদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত অভিভাবক প্রতিনিধি মো. মহসিন।
হাবিব উল্লাহ মজুমদার দীর্ঘদিন জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ে সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন। পরবর্তীতে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করেন। শিক্ষা ক্ষেত্রে অবদানের পাশাপাশি তিনি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনের পর বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন।
এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় হাবিব উল্লাহ মজুমদার বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন,অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি এ দায়িত্ব প্রদানের জন্য চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এদিকে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ হাবিব উল্লাহ মজুমদারকে সভাপতি মনোনীত করায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর দীর্ঘ শিক্ষাগত অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান আরও সমৃদ্ধ হবে।
























